সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় ছয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল রিয়াদ, দাম্মাম, নাজরানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এছাড়া মক্কা অঞ্চলে ড্রোন হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবিও অস্বীকার করেছে হুতিরা।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চলতি সপ্তাহের শুরুতে তেহরানে সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরল এক বৈঠকের পরও হুতিদের হামলার এই দাবি সামনে এল। ওই বৈঠকে দুই দেশ আঞ্চলিক বিরোধগুলো সংলাপের মাধ্যমে সমাধানে সম্মত হয়েছিল।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার পর ইতিবাচক বক্তব্য এলেও হুতি বাহিনী সৌদি আরব এবং ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইয়াহিয়া সারির বিবৃতি অনুযায়ী, হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাস তানুরা তেল শোধনাগারে এবং আবকাইক এলাকায় আরামকোর একটি স্থাপনায় হামলা চালিয়েছে।
এছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে রাবিগ তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নাজরান অঞ্চলে সৌদি সামরিক বাহিনীর একটি সদর দপ্তরে হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি।
তবে হুতিদের হামলার এসব দাবি স্বাধীন কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।
এদিকে মক্কা অঞ্চলে হুতিদের একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি অস্বীকার করেছেন ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, "আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে আমরা কোনো অভিযান চালাইনি"।
হুতিদের অভিযান কেবল "তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি" লক্ষ্য করে পরিচালিত হয় বলেও জোর দেন তিনি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মক্কা অঞ্চলে হুতিদের ছোড়া একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মক্কা অঞ্চলে হামলা চেষ্টার তথ্য প্রকাশ করে সৌদি নেতৃত্বাধীন জোট। পোস্টে জোটটি বলেছে, "সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।"
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
এর মধ্যে গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। ওই হামলায় আহত হন আরও তিন শতাধিক মানুষ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!