ইয়েমেনের হুতিরা দাবি করেছে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেন । তিনি বলেন, "আমাদের সশস্ত্র বাহিনী শত্রু সৌদি রাজধানী রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে এবং হামলাটি সরাসরি আঘাত হেনেছে ।"
তবে এই হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি । এর আগে সৌদি আরব জানিয়েছিল, তারা রাজধানী রিয়াদের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে । বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা ওইদিন রিয়াদে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন ।
হুতির মুখপাত্র আরও দাবি করেন, তাদের বাহিনী সৌদি আরবের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্য করেছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্বাঞ্চলীয় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং উপসাগরীয় উপকূলের রাস তানুরায় অবস্থিত দেশটির বৃহত্তম তেল শোধনাগার । সারি দাবি করেন, রাস তানুরার শোধনাগারে হামলার ফলে আগুন ধরে যায়, যদিও সৌদি কর্তৃপক্ষ এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি ।
হুতিরা আরও দাবি করেছে, তারা নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতে অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটিতে সামরিক পরিবহন বিমান লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । এছাড়া বাব আল-মান্দেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনীর একটি অগ্রযাত্রা প্রতিহত করার দাবিও তারা করেছে ।
জুলাই মাস থেকে হুতিরা সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করেছে। অক্টোবর মাসে বেসামরিক বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়েছে । ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব ইয়েমেন সরকারকে সমর্থন দিতে একটি সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে। ইরানের সমর্থনপুষ্ট বলে অভিযুক্ত হুতিরা ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির অন্যান্য অংশ নিয়ন্ত্রণ করছে
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!