পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতাল থেকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর চিকিৎসার জন্য কড়া নিরাপত্তার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবারও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চক্ষু, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল ইমরান খানের পরীক্ষা-নিরীক্ষা করে তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করেছেন। শুক্রবার (২১ আগস্ট) এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ২০ ও ২১ আগস্টের মধ্যবর্তী রাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার মধ্যে দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তথ্যমন্ত্রী জানান, চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞসহ একদল অভিজ্ঞ চিকিৎসক ইমরানের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষার পর তারা তাকে চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করেন। ইমরানের বোন উজমা খান পুরো স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সময় উপস্থিত ছিলেন। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ২১ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে তাকে আবার আদিয়ালা কারাগারে নেওয়া হয়।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। ইসলামাবাদের এইচ-৮ সেক্টরে অবস্থিত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।
প্রসঙ্গত, তোশাখানা উপহারের তথ্য গোপন করার অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় আদিয়ালা কারাগারে তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন। কারাগারে থাকার সময় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করে আসছেন তার দলের নেতাকর্মীরা।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!