মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের 'নতুন ভূখণ্ড' হিসেবে দাবি করার পর পাল্টা জবাবে ইরান ক্যালিফোর্নিয়াকে নিজেদের 'নতুন ভূখণ্ড' হিসেবে দাবি করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এই দাবি জানানো হয়।
সম্প্রতি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন, যেখানে হরমুজ প্রণালিকে বৃত্তাকার করে চিহ্নিত করে 'নতুন মার্কিন ভূখণ্ড' লেখা ছিল। পরে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও ওই পোস্টটি রিপোস্ট করা হয়।
এর জবাবে এক্স-এ 'ইরান ইন হায়দ্রাবাদ'-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র পোস্ট করে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে লেখা হয়, 'ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড'।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদিও ট্রাম্পের পোস্টের কড়া জবাব দিয়ে এক্স-এ লেখেন, 'হরমুজ প্রণালি নিয়ে তার এই ভ্রান্তি খুব শিগগিরই হয় নিজে থেকেই দূর হবে, নয়তো এই ভ্রান্ত মানুষটির বিভ্রান্তি আমরাই দূর করে দেব।'
উল্লেখ্য, ইরানের বাইরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে সর্বোচ্চ সংখ্যক ইরানি বংশোদ্ভূত মানুষের বসবাস। ইউসিএলএ-এর তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি-আমেরিকান বসবাস করেন। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ইরানি বংশোদ্ভূত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকা 'তেহরানজেলেস' নামে পরিচিত হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!