ইরানের সঙ্গে যুদ্ধ 'খুব শিগগিরই' শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যেই সংঘাত দীর্ঘায়িত করার চেষ্টা করছে তেহরান। খবর আনাদোলুর।
শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডে আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, যুদ্ধ দ্রুতই শেষ হবে বলে আশা করছেন তিনি। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে নিজের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সংঘাত কখন শেষ হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় খুব শিগগিরই (যুদ্ধ শেষ হবে)। সম্ভবত নির্বাচন শেষ হওয়ার পরপরই এটি সমাধান হবে।'
ট্রাম্প অভিযোগ করে বলেন, 'নির্বাচনে জটিলতা তৈরি করতেই ইরান দীর্ঘসময় লড়াই চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছে।'
তবে কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র, এমন সংকল্পের কথা জানিয়ে তিনি যোগ করেন, 'ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। কথা পরিষ্কার।' একইসঙ্গে যুদ্ধ শেষ হলে তেলের দাম নাটকীয়ভাবে কমে যাবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
লোহিত সাগরের উত্তেজনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে বলেছে, তারা ওয়াশিংটনের সঙ্গে সংঘাত চায় না। ট্রাম্পের ভাষায়, 'তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না।'
এর আগে হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জন্য সৌদি আরবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অন্তত দুইবার ট্রাম্পকে ফোন করে হুতিদের ওপর বিমান হামলা চালাতে অনুরোধ করেন। তবে নতুন যুদ্ধফ্রন্ট খোলার ঝুঁকি এড়াতে এই অনুরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!