জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক ব্যয় সম্প্রসারণ ও অস্ত্র ব্যয়ের প্রতিবাদে ইতালির একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার (২৪ অক্টোবর) রোম, মিলান, তুরিন, বোলোনিয়া ও ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে ।
পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় নয়জনকে গ্রেপ্তার করা হয় এবং আরও ৩৭১ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১১০ জন নাবালক ছিলেন। তাদের আটটি শহরের থানায় নিয়ে যাওয়া হয় ।
রোমে বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে কলোসিয়ামের কাছে যান এবং কিছু বিক্ষোভকারী স্মৃতিস্তম্ভটির ভেতরে প্রবেশ করেন। পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় । শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে ।
তুরিনে বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও আতশবাজি ছুড়লে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে । বোলোনিয়ায় সংঘর্ষে ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় । মিলানে প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। শহরে ১ হাজার ৪০০ পুলিশ ও ৫০০ সেনা মোতায়েন করা হয়েছিল ।
গত সপ্তাহান্তে মিলানে বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি দেশজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেন । ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!