চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ট্রাম্প-সমর্থিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা এগিয়ে নিতে এবং কোনো বাধা সৃষ্টি না করতে চাপ দিয়েছেন মার্কিন দূত জ্যারেড কুশনার। আলোচনা সম্পর্কে অবহিত এক ইসরায়েলি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।
ওই সূত্র সিএনএন-কে জানায়, চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। কুশনারের সঙ্গে বৈঠকে নিজের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, আগামী অক্টোবরের শেষ দিকে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের পরিকল্পনায় অগ্রগতি অর্জন করা কঠিন। উগ্র ডানপন্থী ভোটারদের সমর্থন ধরে রাখার চেষ্টা এবং জনমত জরিপে পিছিয়ে থাকার কারণে নির্বাচনের আগে গাজা ইস্যুতে কোনো নতিস্বীকার করতে ইচ্ছুক নন নেতানিয়াহু।
সূত্রটির ভাষ্যমতে, কুশনার এবং 'বোর্ড অব পিস'-এর পরিচালক নিকোলে ম্লাদেনভকে নেতানিয়াহু উল্টো জানান, হামাসকেই আগে সম্পূর্ণভাবে অস্ত্র ত্যাগ করতে হবে।
এর আগে রোববার (১৬ আগস্ট) মিশরে হামাস প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন এই দুই কর্মকর্তা।
ইসরায়েল গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার শুরু করার আগেই হামাসকে পুরোপুরি অস্ত্র সমর্পণের দাবি জানিয়ে আসছেন নেতানিয়াহু। তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উপত্যকা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখেই তারা অস্ত্র সমর্পণে রাজি আছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!