সৌদি আরবে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত মিলিশিয়া হুতি বিদ্রোহীরা। তবে আকাশেই সেই ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার দাবি করেছে দেশটি। শনিবারের (২৪ অক্টোবর) এই হামলায় মক্কা, মদিনাসহ একাধিক এলাকায় মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে বলে দাবি করেছে সৌদি সিভিল ডিফেন্স ।
অবশ্য এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছেন কি না, তা জানা যায়নি। এদিকে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। পাল্টাপাল্টি হামলা ও অভিযোগে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে ।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলে সেগুলোর ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা ও মদিনা অঞ্চলের কয়েকটি স্থানে পড়েছে ।
তবে ইসলামের পবিত্র দুই নগরীতে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। এদিকে সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি করেছে গোষ্ঠীটি। অন্যদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে উপকূলরক্ষী বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, "সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা আল-মুকাররামা ও মদিনা আল-মুনাওয়ারা অঞ্চলে পড়েছে।" অধিদপ্তরটি আরও জানায়, ধ্বংসাবশেষের কিছু অংশ মক্কার বাইরের ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফ ও রাবেগে পড়েছে ।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি কর্তৃপক্ষের এই দাবিকে "মহা মিথ্যা" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে যে, সৌদি শত্রু আমাদের বাহিনী কর্তৃক মক্কা আল-মুকাররামা ও মদিনা আল-মুনাওয়ারার পবিত্র এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়ে যা প্রচার করছে, তা একটি মহা ও গুরুতর মিথ্যা।" সারি দাবি করেন, তাদের অভিযানগুলো সৌদির তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই চালানো হয় ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!