নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
নৈতিক স্খলনের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অভিযোগের সত্যতা পাওয়ায় ওবায়দুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি সাংগঠনিকভাবে তদন্ত ও পর্যালোচনা করা হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতের সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের আদেশ প্রকাশ করে নিজের ফেসবুক পোস্টে এ কে এম কিবরিয়া স্বপন লেখেন, ‘কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।’
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!