ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং গাদি আইজেনকটের বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখা মিলেছে। দুই পক্ষের কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর জোট ৫৩ এবং আইজেনকটের জোট ৪৮ আসন পেয়েছে। আর ১৯ আসন নিয়ে বড় চমক উপহার দিয়েছে আরব দলগুলো। খবর টাইমস অব ইসরায়েলের।
তবে যেহেতু কোনও পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি, তাই এখন সব পক্ষের মধ্যে সরকার গঠন নিয়ে জোর আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর প্রতি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বার্তা, পুনরায় নির্বাচন ঠেকাতে দলগুলো যেন সম্ভাব্য সব বিকল্প ভেবে দেখেন।
এসবের মধ্যে নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর শোনা যাচ্ছে। এই জোটের ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) পার্টির নেতারা ইঙ্গিত দিয়েছেন, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে আনুষ্ঠানিকভাবে যোগ না দিয়েই তাদের সমর্থনের বিষয়টি বিবেচনা করছে দলটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইউটিজে জোটের বাইরে থাকবে কিন্তু তারা আইজেনকটের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বা কোনও আইনের বিপক্ষে ভোট দেওয়ার পরিবর্তে ভোটদানে বিরত থেকে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করবে।
চ্যানেল ১২-এর মতে, ইউটিজে-এর সাতটি আসন ছাড়া নেতানিয়াহুর ব্লকের থাকবে ৪৬টি আসন, যার বিপরীতে আইজেনকটের ব্লকের আসনসংখ্যা হবে ৪৮টি। আইজেনকট আরব দল রা'ম-এর থেকেও সমর্থন চাইতে পারেন। এবারের নির্বাচনে নেসেটে আটটি আসন পেয়েছে মনসুর আব্বাসের এই দল।
মূলত নেতানিয়াহুর প্রতি চরম ক্ষোভ থেকেই ইউটিজে জোট পরিবর্তনের এই চিন্তা করছে। ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতির বিষয়টি দলটির মূল দাবি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!