নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে ভারত। ব্রিকসের এই আউটরিচ অধিবেশনে যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু শীর্ষ সম্মেলনের আর মাত্র চার দিন বাকি থাকলেও, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না—এ বিষয়ে জয়সওয়াল বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোনো নতুন তথ্য নেই।'
তিনি আরও বলেন, বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রণালয় হালনাগাদ তথ্য জানাবে। অংশগ্রহণের বিষয়ে আমরা আপনাদের অবহিত করব। তবে এই মুহূর্তে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করার অনুরোধ জানান তিনি।
ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর মধ্যে বৈঠক প্রসঙ্গে জয়সওয়াল বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, পারস্পরিক সম্পর্ক এবং আগামী দিনে এই বিশেষ সম্পর্ককে কীভাবে এগিয়ে নিতে চায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
দুই বছর স্থগিত থাকার পর ভারত ও বাংলাদেশ অক্টোবর থেকে আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করার পরিকল্পনা করছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জয়সওয়াল বলেন, এ বিষয়েও তার কাছে নতুন কোনো তথ্য নেই।
ভারত-চীন সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে জানিয়ে জয়সওয়াল বলেন, গত ৬ ও ৭ সেপ্টেম্বর ভারত ও চীনের মধ্যে প্রথম কোর কমান্ডার-স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানে অনুষ্ঠিতব্য ২০২৭ সালের এসএএফ গেমসে ভারতের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ ক্রীড়া মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারেই নির্ধারিত হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!