ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ভোলায় পৌঁছে শহরের নতুন বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, ভোলার জন্য বরাদ্দকৃত সব কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে এবং জিআর ও টিআরের কাজ স্থানীয় জনগণই বুঝে নেবেন।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, এই সেতু বাস্তবায়নে গুরুত্বের সঙ্গে কাজ করা হচ্ছে। ভোলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান তিনি।
এর আগে সড়কপথে বরিশালের লাহারহাট হয়ে নৌপথে ভোলার খেয়াঘাটে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, জেলা বিজেপির সভাপতি ও সম্পাদকসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
তিন দিনের এই সরকারি সফরের আগামী দুইদিন তিনি ভোলায় অবস্থান করবেন এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!