ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও তার বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বুথফেরত জরিপে দুই পক্ষের আসনসংখ্যা সমান দেখানো হয়েছে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারছে না। এমন পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলে একটি শক্তিশালী ডানপন্থি সরকার গঠন করতে হবে। ফলে সরকার গঠনের সমীকরণ এখনো অনিশ্চিত।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে নেতানিয়াহু বলেছেন, বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী সংসদে তার দল লিকুদই হবে সবচেয়ে বড় দল। গত তিন বছরে ইসরায়েলের সামরিক সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করছেন তিনি। একই সঙ্গে ইরানের সরকারের বিরুদ্ধেও অভিযান শেষ করার অঙ্গীকার করেছেন নেতানিয়াহু।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়া ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি আরবদের দলগুলোর সমর্থনে কোনো নেতার সরকার পরিচালনা করা উচিত নয়। নির্বাচনে আরব দলগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।
বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর জোট ও তার বিরোধীরা সমানসংখ্যক আসন পেতে পারে। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এ পরিস্থিতিতে সরকার গঠনে আরব দলগুলো নির্ধারক ভূমিকা নিতে পারে।
নির্বাচনের ভোটগ্রহণের পর সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, "আমাদের অবশ্যই ডানপন্থিদের একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে।"
জেরুজালেমের একটি সম্মেলন কেন্দ্রে মঞ্চে নেতানিয়াহু ওঠার সঙ্গে সঙ্গে তার সমর্থকেরা উল্লাস ও করতালিতে ফেটে পড়েন। ইসরায়েল ও লিকুদ পার্টির পতাকা হাতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং নেতানিয়াহুর পক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নেতানিয়াহু বলেন, "ইহুদি ও জায়নবাদী সংখ্যাগরিষ্ঠদের ঐক্যবদ্ধ হতে হবে। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের প্রশ্নই আসে না।"
ইরানের কারণে সৃষ্ট 'অস্তিত্বের জন্য হুমকি' দূর করতে ট্রাম্পের সঙ্গে কাজ করার কথাও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। কয়েক দিন ধরে ইরানের বিরুদ্ধে নতুন করে বোমা হামলার হুমকি দেওয়ার পর সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, "ইরানের (পক্ষ থেকে আসা) অস্তিত্বগত হুমকি চিরতরে দূর করার জন্য আমাদের অংশীদার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের সামনে এক অনন্য সুযোগ এসেছে।"
সংবাদমাধ্যম বলছে, সাধারণত নেতানিয়াহু যত দীর্ঘ বক্তব্য দেন, এবারের ভাষণ ছিল তার তুলনায় সংক্ষিপ্ত। তিনি সরাসরি নির্বাচনে জয়ের দাবি করেননি। শুধু বলেছেন, পূর্বাভাস অনুযায়ী তার দল লিকুদ পার্টি পার্লামেন্টের সবচেয়ে বড় একক দল হতে যাচ্ছে।
প্রসঙ্গত, ইসরায়েলের তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের প্রকাশিত বুথফেরত জরিপের হালনাগাদ পূর্বাভাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন কিছুটা বাড়তে দেখা যাচ্ছে। তবে তা সত্ত্বেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছেন তিনি।
হালনাগাদ জরিপ অনুযায়ী, সংসদে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বড় দল হতে পারে। দলটি প্রায় ২৭টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সামগ্রিক জোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট—দুই পক্ষই প্রায় ৫১টি করে আসন পেতে পারে। এর আগে প্রকাশিত বুথফেরত জরিপে আইজেনকটের জোট সামান্য এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
মূলত সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে হলে কোনো জোটকে অন্তত ৬১টি আসন পেতে হবে। বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, বাকি ১৮টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!