ইসলাম শান্তি, সম্প্রীতি ও কল্যাণের ধর্ম। সঠিকভাবে ইসলামের প্রচার ও চর্চা করা হলে তা সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পীর-মাশায়েখ ও আলেম-ওলামারা দীর্ঘদিন ধরে ইসলামের প্রসার এবং মানুষের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
একই সঙ্গে অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদকের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ সঠিক ইসলাম প্রচারের মাধ্যমে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা থেকে তারা দূরে থেকেছেন এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের মাদরাসা শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের প্রসার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সময়ে পারস্পরিক ঐক্য ও সংহতি অত্যন্ত জরুরি। বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করা গেলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে আলেম-ওলামাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হলে সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আয়োজিতব্য সম্মেলনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবি রূহুল আমীন খান, মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, উপদেষ্টা মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এবং সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ আবু নোমান মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!