যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন তিনি। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে এসব কথা বলেন পুতিন। খবর ওয়াশিংটন পোস্টের।
ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় ট্রাম্পের বিশেষ দূতদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ জানিয়ে পুতিন বলেন, 'আমরা যাদের ভালোভাবে চিনি এবং সাধারণভাবে যাদের ওপর আস্থা রাখি, তাদের সঙ্গে কাজ করতে পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করি।'
সম্প্রতি সিআইএ প্রধান জন র্যাটক্লিফের মস্কো সফর নিয়ে জানতে চাইলে তিনি বলেন, স্নায়ুযুদ্ধের সময়েও গোয়েন্দা প্রধানদের সরাসরি যোগাযোগ ছিল, তবে বর্তমানে এ ধরনের আলোচনা 'কিছুটা হলেও স্থগিত' রয়েছে।
পুতিন জানান, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলার নির্দেশ দেওয়া হয়েছে; তার দাবি, রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশটি আর্থিক সংকটের ঝুঁকিতে পড়ছে। তিনি বলেন, 'সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হয় না।'
গত মঙ্গলবার এসসিও বৈঠকের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পুতিন ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় তার সমর্থন অব্যাহত থাকবে বলে জানান। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও ড্রোন তৈরির যন্ত্রাংশ সরবরাহ করছে।
পুতিন বলেন, 'এ কঠিন সময়ে আপনাদের যে সহায়তা প্রয়োজন, তা দেওয়ার চেষ্টা করছি আমরা।'
বিশকেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে পুতিন পশ্চিমাদের 'ক্ষুধার্ত হাঙর' বলে বর্ণনা করে বলেন, 'কেউ যদি আমাদের গিলে খেতে চায়, তাহলে তারা দাঁতভাঙা জবাব পেতে পারে।'
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!