ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ২০২৪ সালের সাধারণ নির্বাচনকে 'অবৈধ' ও 'চুরি করা' বলে অভিহিত করেছেন। একইসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাহুল গান্ধী এসব কথা বলেন। সমাবেশে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ।
রাহুল গান্ধী অভিযোগ করেন, ২০২৪ সালের নির্বাচনের পর ভোটার তালিকা থেকে প্রায় ১৩.৫ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা মোট ভোটারের প্রায় ১৫ শতাংশ। অথচ এনডিএ ও ইন্ডিয়া ব্লকের ভোটের ব্যবধান ছিল মাত্র ৩ শতাংশ। এই পরিসংখ্যানের ভিত্তিতে তিনি ২০২৪ সালের নির্বাচনকে 'অবৈধ' বলে মন্তব্য করেন ।
তিনি বলেন, 'এই ভোট চুরি সাধারণ চুরি নয়। এটি প্রতিটি ভারতীয়র কণ্ঠস্বর চুরি। আইনি ভাষায় একে বলা হয় 'ট্রিজন' (রাষ্ট্রদ্রোহ)।' রাহুল গান্ধী আরও দাবি করেন, জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতেন না এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতেন না ।
প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে রাহুল গান্ধী বলেন, 'আপনারা পালাতে পারবেন না। জ্ঞানেশ কুমারের পর আমরা আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।' তিনি আরও বলেন, 'যতই ক্ষমতা ও অর্থ থাকুক, সংবিধানের চেয়ে বড় কেউ নয়' ।
বিজেপি অবশ্য রাহুল গান্ধীর এই বক্তব্যের সমালোচনা করে বলেছে, তিনি বিদেশি শক্তির ইঙ্গিতে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!