যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের পাহাড়গুলোতে পাথর ও ধ্বংসাবশেষের স্তরের নিচে লুকিয়ে থাকতে পারে প্রায় ১০০ কোটি টন বরফ। বিজ্ঞানীদের ধারণা, এই বিপুল পরিমাণ বরফ জমা রয়েছে ‘রক গ্লেসিয়ার’ বা পাথুরে হিমবাহে, যেখানে পাথর, নুড়ি ও বোল্ডারের পুরু স্তরের নিচে বরফ আটকে থাকে। ‘জার্নাল অব জিওফিজিকাল রিসার্চ: আর্থ সারফেস’-এ প্রকাশিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষকেরা টিম্পানোগোস রক গ্লেসিয়ার নিয়ে কাজ করেছেন। তারা গ্র্যাভিমিটার নামের যন্ত্র ব্যবহার করে ২৩২টি মাধ্যাকর্ষণ পরিমাপ সংগ্রহ করেন, যা ভূ-পৃষ্ঠের নিচে বিভিন্ন পদার্থের ঘনত্বের কারণে সৃষ্ট অতি ক্ষুদ্র পরিবর্তন পরিমাপ করতে পারে। পরিসংখ্যানভিত্তিক মডেলিংয়ে বিশ্লেষণ করে বরফের নিচের অংশের ত্রিমাত্রিক চিত্র তৈরি করা হয়।
গবেষণায় দেখা গেছে, টিম্পানোগোস রক গ্লেসিয়ারের আয়তনের প্রায় ৮৩ শতাংশ বরফ (গড় পুরুত্ব প্রায় ১৮.৮ মিটার) এবং বাকি ১৭ শতাংশ পাথর ও অন্যান্য উপাদান। পুরো রক গ্লেসিয়ারে প্রায় ১৫ লাখ ঘনমিটার বরফ রয়েছে (প্রায় ৬০০ অলিম্পিক সুইমিং পুলের সমান)। উটাহর ৮৩৬টি রক গ্লেসিয়ারে সম্মিলিতভাবে প্রায় ১০০ কোটি টন বরফ জমা থাকতে পারে; পশ্চিম যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ২০০ কোটি টন এবং বিশ্বব্যাপী প্রায় ৪ হাজার ৮০০ কোটি টন।
গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে দৃশ্যমান হিমবাহ সংকুচিত হওয়ায় পাথরের নিচে লুকিয়ে থাকা বরফের ভাণ্ডার জানা ভবিষ্যতে পানি সম্পদ হিসাবে গুরুত্বপূর্ণ। তবে উষ্ণতা বৃদ্ধিতে রক গ্লেসিয়ার অস্থিতিশীল হয়ে জনবসতি ও অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!