সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের একটি শিল্প কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। রোববার (১ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইরনা বলেছে, “ইয়েমেন থেকে চালানো হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলে দাম্মামের একটি শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। এতে স্থাপনাটিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে।”
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরবের মধ্যে সংঘাত বাড়তে থাকার মধ্যেই এ ঘটনা ঘটল। গত জুলাইয়ে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে দুই পক্ষ প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার হুতিরা জানিয়েছিল, পশ্চিম ইয়েমেনের আবাসিক এলাকায় সৌদি হামলায় ১২ জন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, মাকবানা জেলার আল-বারাহ এলাকায় দুই পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।
তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এর আগে গত বুধবার একটি পেট্রল স্টেশন ও বাজারে সৌদি হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল হুতিরা। অন্যদিকে গোষ্ঠীটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এডেনের বিমানবন্দরেও হামলা চালায়। এতে বেসামরিক লোকজন আহত হন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!