আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করে সদ্য অনুমোদিত একটি পুলিশি আইনের পক্ষে সাফাই গেয়েছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। বুধবার (২ সেপ্টেম্বর) কাবুলে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামি আইনে বিক্ষোভের কোনো স্থান নেই। খবর আমু টিভির।
সদ্য অনুমোদিত ‘শুরতা’ আইনের অধীনে বিক্ষোভ নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে মুজাহিদ বলেন, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক ব্যবস্থায় বিক্ষোভের সুযোগ থাকলেও ইসলামি ব্যবস্থায় এর কোনো স্থান নেই। তার যুক্তি, ইসলামি শরিয়াহ ও আফগানিস্তানের বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই এই আইন প্রণয়ন করা হয়েছে।
মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যা গুরুত্বপূর্ণ এবং অপরাধ দমনে যা যা প্রয়োজন, সবই এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিক্ষোভ কেবল সেই সমাজেই খাটে যেখানে ভিন্ন ভিন্ন আইন বা গণতন্ত্র প্রচলিত।’
তিনি যোগ করেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও জনগণের উচিত তাদের অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জানানো। সম্প্রতি বাদাখশান ও হেরাত প্রদেশে তালেবান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের পর এই আইন প্রণয়ন করা হয়। জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানায়, গত জুনে হেরাতে বিক্ষোভে নারীসহ কয়েক ডজনকে আটক করে তালেবান এবং গুলিতে অন্তত একজনের প্রাণহানি ঘটে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!