রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার না করা হলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জিয়াউর রহমানের মতো পরিস্থিতিতে পড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে বর্তমান সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসা জরুরি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের পর জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, একই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে তারেক রহমানের ক্ষেত্রেও তৈরি হতে পারে।
তিনি বলেন, বর্তমান সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ যথেষ্ট নয়। কারণ ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তন হলে নতুন সরকার সেই সংশোধনী বাতিল করে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কালকে অবৈধ ঘোষণা করতে পারে। এ আশঙ্কা থেকেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, পুরোনো রাজনৈতিক ধারাবাহিকতা ভেঙে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ জন্য সংসদ, সরকার ও সাংবিধানিক কাঠামোর সংস্কার একসঙ্গে করতে হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!