যুক্তরাষ্ট্রের আরোপিত চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলাই যথেষ্ট নয়, একইসঙ্গে দেশের অভ্যন্তরের গুরুতর সমস্যাগুলোও সমাধান করতে হবে—মন্তব্য করেছেন ইরানের রাজধানী তেহরানের মেয়র আলিরেজা জাকানি। তা না হলে ইরান 'ভেতর থেকেই ভেঙে পড়তে পারে' বলে সতর্ক করেছেন তিনি।
ইরানের প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিক জাকানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও চাপের মধ্যে ইরানের সামনে তিনটি পথ রয়েছে—ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় ছাড় দেওয়া, অভ্যন্তরীণ সমস্যা সমাধান না করেই প্রতিরোধ চালিয়ে যাওয়া, অথবা প্রতিরোধের পাশাপাশি দেশের ভেতরেও সংস্কার চালানো।
আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিমকে দেওয়া বক্তব্যে জাকানি বলেন, 'প্রতিরোধের অর্থ এই নয় যে আমরা দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো উপেক্ষা করবো। শত্রুর বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি দেশের ভেতরেও প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হবে।'
তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে ইরানকে যুদ্ধের ব্যয়, অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ দুর্বলতা সামলাতে হচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন তেহরানের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে, যা দেশটির তেল রফতানি, বৈদেশিক বাণিজ্য ও আর্থিক লেনদেনে প্রভাব ফেলেছে।
জাকানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অবস্থান থেকে সরে আসার কথা বলেননি, বরং তার মূল বার্তা—বাইরের চাপ মোকাবিলার পাশাপাশি দেশের ভেতরের দুর্বলতা দূর করাও সমান জরুরি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!