উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত বলে দাবি ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত বলে দাবি ট্রাম্পের, জানেন না জেলেনস্কি
লেখা বড়/ছোট করুন:

রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো থেকে বিরত থাকতে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘অবিলম্বে কার্যকর। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে একটি জ্বালানি যুদ্ধবিরতি অর্জিত হয়েছে।’ খবর আনাদোলুর।

তিনি আরও যোগ করেন, ‘উভয় পক্ষই এতে সম্মত হয়েছে। এটি ভঙ্গ করবেন না।’ এই ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, ‘যুদ্ধবিরতির এই ঘোষণাটি আমার জন্য নতুন খবর ছিল। তবে রাশিয়া যদি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়, তবে ইউক্রেনও সম্মত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুতিনের সঙ্গে এটি নিয়ে আলোচনা করে থাকেন, তবে দয়া করে আমাদের জানান কখন থেকে এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে। আমরা প্রস্তুত এবং আমরা এটি গ্রহণ করব।’

তবে মস্কোর পক্ষ থেকে এই চুক্তি কার্যকর হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।

এর আগে সেপ্টেম্বরেও ট্রাম্প অনুরূপ একটি দাবি করেছিলেন। তবে সেই ঘোষণা বাস্তবে প্রতিফলিত হয়নি।

রোববার দিনের শুরুর দিকে জেলেনস্কি জানান, মস্কো যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করে, তবে কিয়েভও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা স্থগিত রাখতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন, দুই পক্ষকেই উত্তেজনা হ্রাসের জন্য পদক্ষেপ নিতে হবে। এর পেছনে সুনির্দিষ্ট গ্যারান্টি থাকতে হবে।

এদিকে আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জ্বালানির দাম বৃদ্ধি ইস্যুতে চাপে পড়েছেন ট্রাম্প। তবে এই মূল্যবৃদ্ধির পেছনে নিজের আরোপিত ইরান যুদ্ধের পরিবর্তে ইউক্রেন যুদ্ধকেই দায়ী করেছেন ট্রাম্প।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে সাধারণ পেট্রোলের জাতীয় গড় মূল্য প্রতি গ্যালনে ৪ দশমিক ৩৬ ডলার, যা এক মাস আগে ছিল ৪.৩০ ডলার। আর বছরখানেক আগে ছিল ৩ দশমিক ০৯ ডলার।

‘জ্বালানি যুদ্ধবিরতির’ আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ডিজেল সরবরাহ চুক্তির কথা জানান ট্রাম্প। ওই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করতে সম্মত হয় মস্কো।

তবে এই চুক্তিকে পুতিনের জন্য একটি ‘উপহার’ হিসেবে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হলে তা মস্কোর যুদ্ধ পরিচালনায় অর্থায়নে সহায়তা করবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!