উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইনফান্তিনোকে ৪২ প্রশ্ন উয়েফার, দুই সপ্তাহের আল্টিমেটাম

ইনফান্তিনোকে ৪২ প্রশ্ন উয়েফার, দুই সপ্তাহের আল্টিমেটাম
লেখা বড়/ছোট করুন:

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ৪২টি প্রশ্নের জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি স্থগিত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ফিফা পিস প্রাইজ এবং বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে প্রশ্নগুলো তুলেছে সংস্থাটি।

দ্য অ্যাথলেটিক-এর হাতে আসা তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে একটি চিঠি পাঠান উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস। এতে প্রতিটি প্রশ্নের বিস্তারিত লিখিত জবাবের পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্রও চাওয়া হয়েছে।

চিঠিতে আগামী ২ নভেম্বরের মধ্যে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে উয়েফা বলেছে, কোনো তথ্য বা নথি দিতে অস্বীকৃতি জানানো হলে তার নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে। সংস্থাটির মতে, এসব প্রশ্নের উত্তর এখনই প্রয়োজন। ডিসেম্বরে ফিফা কাউন্সিলের পরবর্তী বৈঠক পর্যন্ত জবাব পিছিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

উয়েফার প্রশ্নগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের ঘটনায় নেওয়া সিদ্ধান্ত। বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শাস্তি স্থগিত হওয়ায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোতে খেলতে পেরেছিলেন বালোগুন।

কেন তার এই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে উয়েফা। পাশাপাশি, এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকৃত ভূমিকা কী ছিল, তা-ও জানতে চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শাস্তি স্থগিতের পক্ষে ফিফার দেওয়া পূর্ণাঙ্গ লিখিত যুক্তিও প্রকাশের দাবি জানিয়েছে তারা।

ডোনাল্ড ট্রাম্পকে ফিফার পিস প্রাইজ দেওয়ার প্রক্রিয়াও উয়েফার প্রশ্নের তালিকায় রয়েছে। পুরস্কারটি চালুর ক্ষেত্রে ইনফান্তিনোর ভূমিকা কী ছিল, তা জানতে চেয়েছে সংস্থাটি। এ ছাড়া পুরস্কারপ্রাপক নির্বাচনের জন্য কোনো স্বাধীন প্রক্রিয়া কিংবা বস্তুনিষ্ঠ মানদণ্ড নির্ধারণ ও প্রয়োগ করা হয়েছিল কি না, সে প্রশ্নও তুলেছে উয়েফা। এমন কোনো প্রক্রিয়া থাকলে সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই প্রস্তাব নিয়েও ব্যাখ্যা চেয়েছে উয়েফা। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ফিফার বাণিজ্যিক কার্যক্রম ও ইভেন্ট পরিচালনাসংক্রান্ত ব্যবসার ২০ শতাংশ অংশীদারত্ব বিক্রির মাধ্যমে ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা ছিল।

গত ১৫ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে সদস্যদের অন্ধকারে রাখার জন্য ক্ষমা চেয়েছিলেন ইনফান্তিনো। তবে প্রস্তাবটি কীভাবে তৈরি হয়েছিল এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

ওই বৈঠকে ইনফান্তিনো উপস্থিত সদস্যদের লিখিতভাবে প্রশ্ন জমা দিতে বলেছিলেন। ডিসেম্বরের পরবর্তী বৈঠকে সেগুলোর উত্তর দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। উয়েফার পাঠানো চিঠিতে অবশ্য স্পষ্ট করে বলা হয়েছে, ইতিমধ্যে নেওয়া সিদ্ধান্তগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিকল্প হতে পারে না ভবিষ্যৎ সংস্কারের প্রতিশ্রুতি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!