উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

১০০ আসনবিশিষ্ট সিনেটে এবার ভোট হচ্ছে ৩৫ আসনে

১০০ আসনবিশিষ্ট সিনেটে এবার ভোট হচ্ছে ৩৫ আসনে
লেখা বড়/ছোট করুন:

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট আসন ১০০টি। তবে দেশটির মধ্যবর্তী নির্বাচনে এবার এই কক্ষের সব আসনে ভোট হচ্ছে না। মঙ্গলবারের নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ৩৩টি নিয়মিত নির্বাচন এবং দুটি বিশেষ নির্বাচন।

এর পেছনে রয়েছে সিনেটের সদস্যদের মেয়াদ ও নির্বাচন আয়োজনের বিশেষ পদ্ধতি। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য থেকে দুজন করে প্রতিনিধি সিনেটের সদস্য হন। তাদের মেয়াদ ছয় বছর। তবে সব সদস্যের মেয়াদ একই সময়ে শেষ হয় না। প্রতি দুই বছর পরপর প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। এভাবে সিনেটের সদস্যদের মেয়াদ তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেগুলোকে বলা হয় ক্লাস। এবারের নির্বাচনে ক্লাস টু-এর ৩৩টি আসনে নিয়মিত ভোট হচ্ছে।

এ ছাড়া দুটি আসনে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আসন দুটি আগে রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্স ও মার্কো রুবিওর দখলে ছিল। ২০২৫ সালে ভ্যান্স যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং রুবিও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় তাদের সিনেটের আসন ছেড়ে দিতে হয়। পরে ওহাইও ও ফ্লোরিডায় ওই দুটি আসনে অস্থায়ীভাবে রিপাবলিকান সদস্য নিয়োগ দেওয়া হয়। তাদের স্থলাভিষিক্ত কে হবেন, তা নির্ধারণে এবার বিশেষ নির্বাচন হচ্ছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, এবারের ৩৫টি আসনের মধ্যে ২২টি বর্তমানে রিপাবলিকানদের এবং ১৩টি ডেমোক্র্যাটদের দখলে রয়েছে। ফলে নির্বাচনের ফল সিনেটে দুই দলের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে। ডেমোক্র্যাটদের রয়েছে ৪৫টি। এ ছাড়া দুজন স্বতন্ত্র সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে সাধারণত ৫১টি আসন প্রয়োজন। তবে সমানসংখ্যক ভোট হলে ভাইস প্রেসিডেন্টের সিদ্ধান্তমূলক ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। সে কারণে রিপাবলিকানরা ৫০টি আসন ধরে রাখতে পারলেও সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পারবেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫১টি আসন নিশ্চিত করতে হবে।

এবারের নির্বাচনে সিনেটের পাশাপাশি প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসনেও ভোট হচ্ছে। দুই কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে নির্বাচনের ফলাফলে। নতুন সিনেট সদস্যদের মেয়াদ শুরু হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!