ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস তাণ্ডব এবং ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসী নীতির তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে মার্কিন করদাতাদের পক্ষ থেকে আর কোনো আর্থিক বা সামরিক সহায়তা না দেওয়ার জোর দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন শেয়ার করে স্যান্ডার্স লেখেন, 'পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী আগ্রাসন চালানো বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেলরা কী বলছেন, তা শুনুন।'
প্রতিবেদনে উদ্ধৃত অবসরপ্রাপ্ত ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এফ্রাইম স্নেহ মন্তব্য করেন, 'এটি একটি সুস্পষ্ট জাতিগত নিধন।' ইসরায়েলি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ আগমন সতর্ক করে বলেন, 'একটি সমাজ যখন এভাবে আচরণ শুরু করে, তখন সেই সমাজ নিশ্চিতভাবেই ধ্বংসের দিকে ধাবিত হয়।'
যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে নিঃশর্ত আর্থিক ও অস্ত্র সহায়তার দ্বিদলীয় ঐকমত্যের কড়া সমালোচনা করে স্যান্ডার্স বলেন, 'চরমপন্থী নেতানিয়াহু সরকারের জন্য আর একটি পয়সাও নয়।'
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!