হরমুজ প্রণালিতে একটি বিশেষ ও গোপন নৌপথ চালু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে পৌঁছে দেওয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে প্রতিরাতে ১৫ থেকে ২০টি তেলবাহী জাহাজ ওমানের উপকূলঘেঁষা এই পথ দিয়ে যাতায়াত করছে, যা দিয়ে প্রতিদিন প্রায় এক কোটি ব্যারেল তেল প্রণালি থেকে বের হচ্ছে—যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় অর্ধেক।
অভিযানের আওতায় যুক্তরাষ্ট্র কেবল তেলভর্তি ট্যাংকারকে নিরাপত্তা দিচ্ছে না, বরং খালি জাহাজকে আরব সাগর থেকে প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করাতে এবং তেল সংগ্রহ করে বের হতে সহায়তা করছে। জাহাজগুলোর নিরাপত্তায় মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যা ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি সেন্ট্রাল কমান্ডের দুই সপ্তাহব্যাপী অভিযানে ইরানের রাডার ও নজরদারি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এই নৌপথ চালু করা সম্ভব হয়েছে। ইরানিরা অনেকটাই 'অন্ধ' হয়ে গেছে বলে দাবি তাদের। ইরানের হামলায় কয়েকটি জাহাজ আক্রান্ত হলেও অনেক হামলা প্রতিহত করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষকরাও এই তথ্য নিশ্চিত করতে পারেনি। শিপ ট্র্যাকিং সাইট কেপলার জানিয়েছে, গত বুধবার (১৯ আগস্ট) এই প্রণালি দিয়ে মাত্র ৯টি জাহাজ পার হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!