ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের পারসিয়ান উপসাগরে আটকে থাকা তেলবাহী ট্যাংকারগুলো ধীরে ধীরে হরমুজ প্রণালি অতিক্রম করতে শুরু করেছে। এমন খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা দিয়েছে। আজ বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি লেনদেন হচ্ছে।
বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৬টা ৪৩ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম আউন্স বা ব্যারেল প্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭২ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবারও উভয় বেঞ্চমার্কের দাম প্রায় ১ শতাংশ কমে গত মার্চের পর সর্বনিম্ন স্তরে নেমেছিল।
দেশীয় মুদ্রায় ব্যারেল ও লিটার হিসাব আন্তর্জাতিক বাজারে ১ ব্যারেল অপরিশোধিত তেল সমান প্রায় ১৫৯ লিটার (১৫৮.৯৮ লিটার)। বর্তমান মার্কিন ডলারের বিনিময় হার (১ ডলার সমান প্রায় ১২৩ টাকা) অনুযায়ী আন্তর্জাতিক বাজার দর দেশীয় মুদ্রায় হিসাব করলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড প্রায় ৯ হাজার ৪৩৫ টাকা (অর্থাৎ, প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৫৯ টাকা ৩০ পয়সা)। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেল প্রায় ৮ হাজার ৯৬০ টাকা (অর্থাৎ, প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৫৬ টাকা ৩৫ পয়সা)।
উল্লেখ্য, এটি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের কেবল কাঁচামাল দর। এর সঙ্গে রিফাইনারি বা শোধন খরচ, আন্তর্জাতিক পরিবহণ ভাড়া, শুল্ক ও দেশীয় বিপণন ব্যয় যুক্ত হয়ে স্থানীয় বাজারে জ্বালানি তেলের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারিত হয়।
দাম কমার মূল কারণসমূহ প্রাথমিক শান্তি আলোচনার পর যুক্তরাষ্ট্রের ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করায় ইরানের তেল বিক্রির সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি লেবাননেও যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে।
মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের সিনিয়র ইকোনমিস্ট তোমোমিচি আকুতা বলেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশা এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরু হওয়ার কারণে অপরিশোধিত তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা যদি আরও ইতিবাচকভাবে এগোয়, তাহলে দাম আরও কমতে পারে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!