প্রথম সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পরই মারা গেছেন ২৫ বছর বয়সী এক নারী ও তার নবজাতক সন্তান। ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার একটি সরকারি হাসপাতালে এ ঘটনার আগে ধারণ করা ভিডিওতে ওই নারীকে কাঁদতে ও চিৎকার করতে দেখা যায়, পরিবারকে উদ্দেশ করে বারবার তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার আকুতি জানান এবং বলেন, 'এভাবে চিকিৎসা চলতে থাকলে এই মানুষগুলো আমাকে মেরে ফেলবে।'
নিহত কল্পনা মিশ্র (২৫) প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। পরিবারের অভিযোগ, সময়মতো যথাযথ চিকিৎসা না পাওয়ায় মা ও শিশুর মৃত্যু হয়েছে। কল্পনার চাচা বলেন, প্রসবের সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
পরিবারের সবচেয়ে গুরুতর অভিযোগ অ্যানেসথেশিয়া নিয়ে—স্বজনদের দাবি, অ্যানেসথেশিয়া দেওয়ার পর কল্পনা আর জ্ঞান ফিরে পাননি; তারা সন্দেহ করছেন অতিরিক্ত মাত্রায় অ্যানেসথেশিয়া দেওয়া হয়েছিল।
খবর ছড়িয়ে পড়ার পর স্বজনরা হাসপাতালের প্রধান ফটকে জড়ো হয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে এবং দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রায় চার ঘণ্টা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয়। পরে জেলা হাসপাতালের চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্তের সিদ্ধান্ত হয় এবং দুই নার্সিং কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার পুরো বিষয় তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট অবশ্য চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নাকচ করে বলেছেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদিত ৫ হাজার ৪৪৩ পদের মধ্যে ৩ হাজার ৯৪৮টি (৭২%) এবং মেডিকেল অফিসারের ৬ হাজার ৫১৩ পদের মধ্যে ২ হাজার ৬৮৯টি (৪১%) পদ খালি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!