গত আগস্টে সশস্ত্র গোষ্ঠী হুতি ও সৌদি জোটের মধ্যে সর্বশেষ সামরিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫৭৪ জন নিহত এবং ৭ হাজার মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি জানায়, আগস্টের শুরু থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন মাসের কাছাকাছি সময়ে ইয়েমেনে মোট ৮ হাজার ৫১৩ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫৭৪ জন নিহত এবং ৬ হাজার ৯৩৯ জন আহত হয়েছেন ।
তবে হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক, সামরিক সদস্য নাকি উভয় পক্ষের লোকজন রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থাটি। ডব্লিউএইচও জানায়, সর্বশেষ আট দিনে ২৯২ জন নিহত এবং ১ হাজার ৪৮ জন আহত হয়েছেন ।
এর আগে গত বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছিল, ৬ আগস্ট উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে ১ হাজার ২৮২ জন নিহত এবং ৫ হাজার ৮৯১ জন আহত হয়েছেন। পরে হতাহতের সংখ্যা বেড়ে সর্বশেষ পরিসংখ্যানে পৌঁছায় ।
২০১৪ সালে হুতি গোষ্ঠী রাজধানী সানা ও আরও কয়েকটি প্রদেশ দখল করে নেয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর জেরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে হস্তক্ষেপ করে ।
বর্তমানে হুতিরা ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে, সরকারপন্থি বাহিনী ও তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে এডেন এবং দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বড় অংশ ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!