উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা

নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা
লেখা বড়/ছোট করুন:

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা সন্দেহে হায়দার আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে জামায়াতের নেতারা থানায় গিয়ে দাবি করেন, হায়দার তাদের দলের সক্রিয় কর্মী। এ সময় তার দলীয় চাঁদা দেওয়ার রসিদ ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণ দেখানো হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে ছেড়ে দেয় পুলিশ।

গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের নিজ বাড়ি থেকে হায়দার আলীকে আটক করা হয়। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে তিনি থানা থেকে ছাড়া পান। হায়দার ওই গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান হায়দার আলীকে আটক করেন। তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বলে তথ্য পাওয়া গিয়েছিল।

পরে স্থানীয় জামায়াতের নেতারা থানায় এসে দাবি করেন, হায়দার আলী ২০২২ সাল থেকে তাদের দলের সক্রিয় কর্মী। এ দাবির পক্ষে তারা দলীয় চাঁদা দেওয়ার রসিদ এবং বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণের প্রমাণ উপস্থাপন করেন।

ওসি মেহেদী হাসান আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হায়দার আলীকে জামায়াতের নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ ঘটনায় তথ্যদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

হায়দার আলীকে ছাড়িয়ে নিতে থানায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, জেলা জামায়াতের শুরা সদস্য ও যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলামসহ স্থানীয় নেতারা।

কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আবদুল কাইয়ুম বলেন, তারা থানায় গিয়ে হায়দার আলীর জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি ওসিকে জানান। এ সময় পুলিশ তার পক্ষে কাগজপত্র চাইলে ২০২২ সাল থেকে জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ হিসেবে বিভিন্ন নথি জমা দেওয়া হয়। পরে সেগুলো যাচাই-বাছাই শেষে পুলিশ তাকে উপজেলা জামায়াতের আমিরের হাতে তুলে দেয়।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!