অনলাইন ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের বর্বরোচিত হামলার ঘটনায় আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রোববার (৩১ মে) আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (হাসপাতালসমূহ) ডা. মো. নাহিদ ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হয়।
বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৩০ মে (শনিবার) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর অনাকাঙ্ক্ষিত বাকবিতণ্ডা এবং পরবর্তীতে তা ধস্তাধস্তি ও হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। সংবাদমাধ্যমের কর্মীরা সমাজের দর্পণ এবং তাদের কাজের প্রতি আদ-দ্বীন হাসপাতাল সর্বদা শ্রদ্ধাশীল। শনিবারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সংবাদকর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে।
আদ-দ্বীন হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনাটি জানার পরপরই হাসপাতালের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সমন্বয়ে তাৎক্ষণিক এক জরুরি বৈঠক আহ্বান করা হয়। উক্ত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনার সঠিক বিবরণ এবং এর পেছনে দায়ীদের চিহ্নিত করতে একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হাসপাতালের নিজস্ব নিয়মানুযায়ী কঠোর আইনানুগ ও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!