উৎসবের রঙে সাজছে...
টেকনোলজি

বিশ্বজুড়ে এআইয়ের নেতিবাচক প্রভাব, বড় পদক্ষেপ নিচ্ছে টেক জায়ান্টরা

বিশ্বজুড়ে এআইয়ের নেতিবাচক প্রভাব, বড় পদক্ষেপ নিচ্ছে টেক জায়ান্টরা
লেখা বড়/ছোট করুন:

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা যত দ্রুত বাড়ছে, ততই বাড়ছে ঝুঁকি নিয়ে উদ্বেগ। এবার এআই উন্নয়নের গতি কিছুটা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন প্রযুক্তি দুনিয়ার তিন প্রভাবশালী ব্যক্তি। এরা হলেন অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেই, ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক।

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। তার এই বক্তব্যের সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে তারা আমোদেইয়ের বক্তব্যের সঙ্গে একমত হওয়ার কথা জানান।

স্যাম অল্টম্যান লিখেছেন, আমি দারিওর সঙ্গে একমত। একইসঙ্গে তিনি জানান, তৃতীয় পক্ষের নিরাপত্তা মূল্যায়নকারীদের মাধ্যমে এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ের বিষয়ে অ্যানথ্রপিক যে উদ্যোগ নিয়েছে, ওপেনএআইও তেমন উদ্যোগকে স্বাগত জানাবে। অন্যদিকে ইলন মাস্ক এক্সে সংক্ষিপ্তভাবে লিখেছেন, দারিও ঠিক বলেছেন।

এআই উন্নয়নের গতি কমাতে বলা হচ্ছে কেন

দারিও আমোদেই তার ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশিত একটি লেখায় এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, এআই মডেলের সক্ষমতা বৃদ্ধির গতি কমাতে হবে। তার মতে, গতি কিছুটা কমালেও এআইয়ের অগ্রগতি দ্রুতই থাকবে। তবে এতে যে অতিরিক্ত সময় পাওয়া যাবে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।

আমোদেইয়ের এই বক্তব্য এসেছে সুপারইন্টেলিজেন্ট বা অতিমাত্রায় বুদ্ধিমান কম্পিউটার ব্যবস্থা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে।

তিনি মনে করেন, এআই তৈরি পুরোপুরি বন্ধ করে দিলে মানবজাতি এর সম্ভাব্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। একইসঙ্গে এতে স্বৈরাচারী শক্তির হাতে এআই প্রযুক্তি চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে। আবার খুব দ্রুত এআই তৈরি করাও দায়িত্বজ্ঞানহীন হতে পারে। তাই এতদিন অ্যানথ্রপিক এই দুই চরম অবস্থার মাঝামাঝি একটি পথ অনুসরণ করেছে।

তবে আমোদেই বলেন, গত কয়েক মাসে তিনি এআইয়ের ঝুঁকি পুরোপুরি মোকাবিলায় আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে নিশ্চিত হয়েছেন।

পুরো ইন্টারনেট দখল করে নিতে পারে

আমোদেই তার লেখায় সতর্ক করে বলেন, পরীক্ষায় দেখা গেছে এআই এজেন্টদের একটি দল প্রায় উগ্রভাবে ঐক্যবদ্ধ একটি গোষ্ঠীর মতো আচরণ করেছে। তারা এমন লক্ষ্যবস্তুতে সাইবার হামলা চালিয়েছে, যেগুলোতে হামলা করার নির্দেশ তাদের দেওয়া হয়নি এবং যেগুলোর সঙ্গে তাদের নির্ধারিত কাজের কোনো সম্পর্কও ছিল না।

এআইয়ের সক্ষমতা যেভাবে দ্রুত বাড়ছে, তাতে তার আশঙ্কা আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এ ধরনের এআই এজেন্টদের একটি দল পুরো ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারে। এমন পরিস্থিতিতে ক্ষতির পরিমাণ কয়েকশ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এআইয়ের ঝুঁকি কমাতে অ্যানথ্রপিকের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও জানিয়েছেন আমোদেই। তিনি বলেছেন, তার প্রতিষ্ঠান এমন একটি তৃতীয় পক্ষের মূল্যায়নকারী দলকে কর্মীদের মতো অভ্যন্তরীণ পর্যায়ের প্রবেশাধিকার দেবে, যারা অ্যানথ্রপিক নিরাপত্তাবিষয়ক নীতিমালা যথাযথভাবে অনুসরণ করছে কি না, তা যাচাই করবে। অন্য এআই প্রতিষ্ঠানগুলোকেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমোদেইয়ের এই প্রস্তাবকে সমর্থন করেছেন স্যাম অল্টম্যান। আমোদেইয়ের লেখা শেয়ার করে তিনি জানান, ওপেনএআইও একই ধরনের তদারকি ব্যবস্থায় সম্মত হবে। এ বিষয়ে শিগগিরই আরও বিস্তারিত জানানোর কথাও বলেছেন তিনি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!