উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক
লেখা বড়/ছোট করুন:

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদাভাবে কোনো আর্থিক অনিয়মের অনুসন্ধান বা তদন্ত শুরু করবে না বাংলাদেশ ব্যাংক। তবে দেশের আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে চলমান তদন্তে তার বা অন্য কারও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৬ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি জানান, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে কেন্দ্রীয় ব্যাংক আলাদা কোনো অনুসন্ধান পরিচালনা করবে না। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম নিয়ে যেসব তদন্ত ও সংস্কার কার্যক্রম চলছে, সেখানে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের দুই দিন পর রোববার তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে ওঠেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে রোববার এ অভিযোগ জমা দেওয়া হয়।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের বিভিন্ন দাবির বিষয়ে একই দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বর্তমানে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি সরকার দেখছে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং ওই সময় রাষ্ট্রপতি হিসেবে নির্দিষ্ট সাংবিধানিক সুরক্ষা পেয়েছেন।

বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ও বক্তব্য আসার বিষয়টিও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। তবে এখন পর্যন্ত সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখছে না।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং দেশের আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর অনিয়ম ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেই তাদের তদন্ত কার্যক্রম চলবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!