গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে স্টান্ট করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাওন মিয়া দীর্ঘদিন ধরে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন এবং অন্যরা তার ভিডিও করতেন, যা তিনি তার ফেসবুক পেজে পোস্ট দিতেন। সোমবার সকালেও তিনি হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। কিছুদূর যাওয়ার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান।
এতে তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় এক বাসিন্দা জানান, শাওন মিয়া চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন, যা তার ফেসবুক পেজে প্রচুর ভিউ পেত।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শাওন মিয়া বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!