চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে নিজেদের কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করাই তাদের অন্যতম লক্ষ্য। এ জন্য আন্তর্জাতিক অ্যাপ নতুনভাবে চালু করার পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির প্রস্তুতি নিচ্ছে তারা।
মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নির্মাতাদের কাছে নিজেদের প্ল্যাটফর্ম তুলে ধরতে মার্কেটিং কার্যক্রম শুরু করেছে বিলিবিলি এবং এক্স-এ নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে। তাদের দাবি, চীনা ও মার্কিন প্ল্যাটফর্মে একই কনটেন্ট পাওয়া যাবে। নতুন আন্তর্জাতিক অ্যাপে বিদেশি ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে—এর আগে পাসপোর্টের মতো পরিচয়পত্র দিতে হতো।
ইতোমধ্যে বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে মাসিক সক্রিয় ব্যবহারকারী ৩৭ কোটি ৬০ লাখ। মিস্টারবিস্টের মতো জনপ্রিয় ক্রিয়েটরদের কারণেও প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। বিশ্ববাজারে সম্প্রসারণের জন্য লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দেখা গেছে।
পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট মডারেশন ব্যবস্থা এবং আন্তর্জাতিক নির্মাতাদের জন্য ব্র্যান্ডের সঙ্গে স্পনসরড কনটেন্ট তৈরির মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনা রয়েছে। তবে বিশ্ববাজারে সম্প্রসারণের সঙ্গে কনটেন্ট মডারেশন, সেন্সরশিপ ও ডেটা নিরাপত্তা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিলিবিলি, যেমনটি টিকটক যুক্তরাষ্ট্রে সম্মুখীন হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!