উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বিকেএসপি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্ত কমিটি গঠন

বিকেএসপি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্ত কমিটি গঠন
লেখা বড়/ছোট করুন:

সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) এক ক্যাডেটের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

নিহত ইয়াসীন আরাফাত জীম (১৫) বিকেএসপির দশম শ্রেণির কারাতে বিভাগের ক্যাডেট ছিলেন। গত ২৮ জুলাই রাতে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি। তবে বিকেএসপির মতো নিশ্ছিদ্র ও সংরক্ষিত একটি প্রতিষ্ঠানের ভেতরে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর ইয়াসীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) মো. মাহফুজুল আলম খানকে কমিটির আহ্বায়ক ও মন্ত্রণালয়ের ক্রীড়া-১ অধিশাখার উপসচিব মো. মিজানুর রহমানকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পিএসসি, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহছানুল মামুন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হাসান।

কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে যেকোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

নিহত ইয়াসীন আরাফাত জীম কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। ছোটবেলা থেকেই কারাতে নিয়ে স্বপ্ন দেখা এই মেধাবী শিক্ষার্থী কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে নিহতের পরিবারসহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!