গাজীপুরের কড্ডা বাজার থেকে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) বুড়িগঙ্গা নদীতে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় ডুবে গেছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পোস্তগোলা ব্রিজের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নতুন একটি স্টিল বডি ট্রলার কিনে ১০ জন যাত্রী নিয়ে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মালিক ও যাত্রীরা। পোস্তগোলা ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সুন্দরবন-১২ লঞ্চের সাথে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
দুর্ঘটনার পর ৮ জন যাত্রী তাৎক্ষণিকভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে জানা যায়, নিখোঁজ হওয়া ওই দুই যাত্রী দুর্ঘটনার পর সাঁতরে নদীর অপর পাড়ে উঠতে সক্ষম হয়েছিলেন। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় তারা তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেননি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে ট্রলারের মালিক নিশ্চিত করেছেন যে নিখোঁজ দুই যাত্রী সাঁতরে কিনারায় উঠতে পেরেছেন এবং তারা এখন নিরাপদ আছেন। অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস স্টেশনে ফিরে এসেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!