রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি এবং বিচারাঙ্গনের বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বিচারাঙ্গনে অতিরিক্ত মামলার জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকটের কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
প্রধান বিচারপতি বলেন, প্রতিদিন যে পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, তার চেয়ে বেশি মামলা দায়ের হচ্ছে, ফলে মামলার জট নিরসন ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
রাষ্ট্রপতি মামলার জট কমাতে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার আরও প্রসার এবং কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিচারাঙ্গনের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সাক্ষাতে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!