রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব প্যাকেজের আওতায় ডিপোর অবকাঠামো, ১১ দশমিক ৫০৭ কিলোমিটার উড়াল রেলপথ এবং আটটি স্টেশন নির্মাণ করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনের সম্মেলনকক্ষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব) কবির আহমদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম। এ সময় জাপান দূতাবাস, জাইকা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, পরামর্শক প্রতিষ্ঠান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সড়ক সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন ও যাতায়াতের সময় কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।
যেসব কাজ হবে চার প্যাকেজে
এমআরটি লাইন-১-এর সিপি-০২ প্যাকেজে ডিপোর জন্য ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেড ও অপারেশন ম্যানেজমেন্ট সেন্টারসহ ৪৯টি আধুনিক স্থাপনা নির্মাণ করা হবে। চুক্তিটি সিনোহাইড্রো-এসইবিসিএল জেভির (SINOHYDRO-SEBCL JV) সঙ্গে স্বাক্ষরিত হয়েছে।
এমআরটি লাইন-১-এর সিপি-০৭ প্যাকেজে পাতাল পথ থেকে উড়াল পথে ট্রানজিশন পয়েন্ট থেকে বালু নদীর শুরু পর্যন্ত ৫ দশমিক ০০৭ কিলোমিটার ভায়াডাক্ট এবং জোয়ার সাহারা, বোয়ালিয়া ও মস্তুলে তিনটি উড়াল স্টেশন নির্মাণ করা হবে। চুক্তিটি সিআরইসি-এমআইএল-এমবিইসি জেভির (CREC-MIL-MBEC JV) সঙ্গে হয়েছে।
এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর সিপি-০২ প্যাকেজে ডিপোর প্রশাসনিক ভবন (ওসিসি ও ডিসিসি), স্ট্যাবলিং ইয়ার্ড, ওয়ারহাউজ ও ওয়ার্কশপ শেডসহ পূর্ত কাজ সম্পন্ন হবে। চুক্তিটি সিপিসি-হানিল জেভির (CPC-HANIL JV) সঙ্গে স্বাক্ষরিত হয়েছে।
এমআরটি লাইন-৫-এর সিপি-০৩ প্যাকেজে হেমায়েতপুর-আমিনবাজার এবং নতুন বাজার-ভাটারা অংশে ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল রেলপথ এবং হেমায়েতপুর, বালিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারায় পাঁচটি উড়াল স্টেশন নির্মাণ করা হবে। চুক্তিটি সিআরইসি-এমআইএল-এমবিইসি জেভির সঙ্গে স্বাক্ষরিত হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!