মন্ত্রিসভায় অনুমোদনের পরও সময়মতো বিল জাতীয় সংসদে না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর যত দ্রুত সম্ভব বিল আইনসভায় পাঠানো উচিত, যাতে সংসদ সদস্যরা তা পড়ে পর্যালোচনা করতে পারেন। বর্তমানে এতে ব্যত্যয় ঘটছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল উত্থাপনের পর আলোচনায় তিনি এ কথা বলেন। এপিবিএন বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য দুই কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান আপত্তি জানিয়ে বলেন, সময় বেঁধে দেওয়ার মাধ্যমে কমিটিগুলোর পর্যালোচনার সুযোগ সীমিত করা হচ্ছে—‘হাত-পা বেঁধে দেয়া হচ্ছে’।
ডেপুটি স্পিকার বলেন, ‘ব্যাংক রেজোলিউশন (সংশোধন) বিল’ গত ১০ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল; এটি সময়মতো আসলে সংসদ সদস্যরা পর্যালোচনার সুযোগ পেতেন। তিনি নির্বাহী বিভাগকে সতর্ক করে বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর বিল সংসদে পাঠানোর সময়ের ব্যবধান কমানো প্রয়োজন এবং ৩৪৯ জন সংসদ সদস্যের হাতে তা দিতে হবে।
সংসদীয় কমিটিতে বিল পাঠানোর বিষয়ে তিনি বলেন, কমিটিতে গেলে তা মাত্র ১০-১৫ জনের হাতে যায়; অথচ ৩৪৯ জন সংসদ সদস্যেরই পর্যালোচনার সুযোগ থাকা উচিত। পরে এপিবিএন বিলটি দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে পাঠানো হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!