টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতিতে যান চলাচল করছে। মহাসড়কের যমুনা সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রী ও চালকদের বেশ বেগ পেতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর থেকেই মহাসড়কে হঠাৎ করে উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী যানবাহনের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায়। অতিরিক্ত গাড়ির চাপের কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে আশেকপুর, করটিয়া ও পাকুল্লা অংশে ধীরগতি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। তবে কিছু কিছু জায়গায় সাময়িকভাবে গাড়ি থমকে গেলেও বড় ধরনের কোনো স্থায়ী যানজটের সৃষ্টি হয়নি।
যাত্রী ও চালকরা জানিয়েছেন, মহাসড়কে অতিরিক্ত গাড়ির কারণে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কয়েক ঘণ্টা বেশি সময় লাগছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে গাড়ি যেন কোথাও দাঁড়িয়ে না থাকে এবং চলাচল সচল থাকে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!