বাংলাদেশ থেকে ওষুধ ও পাটজাত পণ্যের আমদানি বাড়াতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বাণিজ্য সচিব (রুটিন দায়িত্ব) মো. হাফিজুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত চুনকিত আতসান্যাবান্থের এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, থাইল্যান্ডে বাংলাদেশি ওষুধ ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। এ খাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও যৌথ উদ্যোগ বাড়ানো প্রয়োজন।
পাশাপাশি বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়। বিশেষ করে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশল খাতে থাইল্যান্ডের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন দুই পক্ষ। এ লক্ষ্যে যৌথ বাণিজ্য কমিটি বা ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত চুনকিত আতসান্যাবান্থ বলেন, বাংলাদেশের বাজারে থাইল্যান্ডের ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। পাশাপাশি বাংলাদেশি পণ্যের গুণগত মান উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!