ব্রাহ্মণবাড়িয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শাহীন (২৫) নামে মাদক মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলাকালীন এই ঘটনা ঘটে। শাহীন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার জালাল মিয়ার ছেলে। জানা গেছে, ৪ কেজি গাঁজাসহ আটকের পর শাহীন ও সজল নামে দুই আসামিকে আজ আদালতে পাঠায় বাঞ্ছারামপুর থানা পুলিশ। আদালতে তোলার আগেই দুজনেই দৌড়ে পালানোর চেষ্টা করেন। উপস্থিত জনতা সজল (২২) নামে একজনকে ধরে ফেললেও শাহীন হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যেতে সক্ষম হন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে এবং বর্তমানে সজল পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালাল মাদক মামলার আসামি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!