গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। রোববার (১৭ মে) সকাল থেকে উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের দু'পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয় এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত ডুয়েট ক্যাম্পাস থেকে আহত অবস্থায় ১৫ জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মে) সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। তাদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার শিক্ষাব্যবস্থা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক বাস্তবতা স্বতন্ত্র। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।
গত বৃহস্পতিবার রাত সাড় ৯টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। নতুন উপাচার্য ক্যাম্পাসে যোগদান করতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আরও তীব্র হয় এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
একপর্যায়ে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে নবনিযুক্ত উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অবস্থান কর্মসূচি চলাকালে বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তা দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও তুমুল সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল, যা আজ সংঘর্ষে রূপ নিয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!