চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুত্বের এক এক অনন্য ও হৃদয়বিদারক দৃষ্টান্ত সৃষ্টি হলো। আজীবন ছায়ার মতো পাশে থাকা প্রিয় বন্ধুর দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আরেক বন্ধু। সোমবার (২০ এপ্রিল) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত দুই বন্ধু হলেন— দক্ষিণ কেরোয়া গ্রামের কাঠমিস্ত্রি আবুল হাশেম (৯০) এবং স্থানীয় মসজিদের মুয়াজ্জিন বাচ্চু পাটোয়ারী (৮৫)। স্থানীয়রা জানান, তারা দুজন ছিলেন অবিচ্ছেদ্য বন্ধু। আজীবন তারা একসঙ্গে সময় কাটিয়েছেন এবং জনসেবার অংশ হিসেবে বিনা পারিশ্রমিকে শতাধিক কবর খুঁড়েছেন।
জানা গেছে, সোমবার ভোরে বার্ধক্যজনিত কারণে বাচ্চু পাটোয়ারী ইন্তেকাল করেন। প্রিয় বন্ধুর মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন আবুল হাশেম। এরপর সকালেই তিনি নিজেই বন্ধুর শেষ বিদায়ের জন্য কবর খুঁড়তে কবরস্থানে যান। কবর খোঁড়ার একপর্যায়ে হঠাৎ করেই তিনি কবরের ভেতরে লুটিয়ে পড়েন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনে যেমন তারা একসঙ্গে ছিলেন, মৃত্যুর যাত্রাতেও তারা একে অপরের সঙ্গী হলেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!