গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্তর (১৪) নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুততম সময়ের মধ্যে নিখোঁজ শিক্ষার্থী অন্তকে অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নিখোঁজের ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান না পাওয়ায় স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে। তারা অন্তকে দ্রুত ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে বিক্ষোভ জানান এবং নিখোঁজ শিক্ষার্থীর দ্রুত উদ্ধার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল বা আশপাশের এলাকা থেকে একটি রক্তমাখা জামা ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। সেখানে থাকা রক্ত নিখোঁজ শিক্ষার্থীর কি না, তা নিশ্চিত হতে আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!