গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বৃদ্ধা ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার খাগড়াবারিয়া ও সাফলীডাঙ্গা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবারিয়া গ্রামের মৃত মালেক শেখের স্ত্রী রাহাতুন বেগম (৭৫) ও একই উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামের ইমরান শেখের স্ত্রী সানজিদা বেগম (৩০)।
গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা রাহাতুন বেগম। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবার। মঙ্গলবার দুপুরে বাড়ির অদূরের একটি পুকুরে ওই বৃদ্ধার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
অপরদিকে, একই উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সানজিদা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে স্বামী ইমরান শেখের সঙ্গে স্ত্রী সানজিদা বেগমের মধ্যে দ্বন্দ্ব হয়। সোমবার দিবাগত রাতে স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে সানজিদা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খোঁজ নেন। পরে নিজ বাড়িতে ফিরে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রতিবেশী বিলকিস বেগম সানজিদার খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি প্রতিবেশীদের জানালে সকালে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!