উৎসবের রঙে সাজছে...
জাতীয়

হাটহাজারীতে ব্যবসায়ীর চলন্ত গাড়িতে ইটপাটকেল ও গুলিবর্ষণ, আতঙ্ক ছড়িয়েছে

হাটহাজারীতে ব্যবসায়ীর চলন্ত গাড়িতে ইটপাটকেল ও গুলিবর্ষণ, আতঙ্ক ছড়িয়েছে
লেখা বড়/ছোট করুন:

চট্টগ্রামের হাটহাজারীতে এস এম শহীদুল্লাহ নামের এক ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

হামলার শিকার এস এম শহীদুল্লাহ চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। রাউজানে তার একাধিক ইটভাটার ব্যবসা রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীতে ব্যবসায়িক কাজ শেষে নিজের এসইউভি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন শহীদুল্লাহ। ইছাপুর বাজারের চারা বটতল এলাকা অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রথমে ইটপাটকেল ছুড়ে গাড়িটি আটকানোর চেষ্টা চালায়। একপর্যায়ে তারা গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলির শব্দ শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ জানান, ‘আমার ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা আমাকে টার্গেট করেছে। এর আগেও তারা আমার ওপর ও বাড়িঘরে একাধিকবার হামলা চালিয়েছে।’

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চারটি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!