উৎসবের রঙে সাজছে...
জাতীয়

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে রিকশাচালক ও গ্রাফিক্স ডিজাইনার আহত

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে রিকশাচালক ও গ্রাফিক্স ডিজাইনার আহত
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে পৃথক ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন রিকশাচালক বিল্লাল হোসেন (৩২) ও গ্রাফিক্স ডিজাইনার জাকারিয়া হোসেন (২৪)।

আহত জাকারিয়ার স্ত্রী সুমাইয়া খাতুন জানান, তারা নারায়ণগঞ্জের সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায় থাকেন। জাকারিয়া পেশায় গ্রাফিক্স ডিজাইনার এবং পাসপোর্ট অফিসের পাশে তার একটি দোকান রয়েছে। শনিবার তারা সদরঘাট এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে সাইনবোর্ডের বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রিকশায় ওঠার সময় পাশেই একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জাকারিয়ার থুতনির নিচে গুরুতর জখম হয়।

অন্যদিকে, আহত বিল্লালের মামাতো ভাই বাচ্চু চাকলাদার জানান, বিল্লালের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বর্তমানে তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় থাকেন এবং নিজের অটোরিকশা চালান। শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে যাত্রীর অপেক্ষায় অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন বিল্লাল। এ সময় তার পাশে পরপর দুই থেকে তিনটি বিকট শব্দ হয়। বিস্ফোরণের পর ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। পরে বিল্লাল দেখতে পান, তার ডান হাতের কবজি থেকে রক্ত ঝরছে। স্থানীয় লোকজন তাকে সেখান থেকে সরিয়ে নেন। খবর পেয়ে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী থেকে ককটেল বিস্ফোরণে আহত দুইজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে রিকশাচালক বিল্লালের ডান হাতের কবজিতে এবং জাকারিয়ার থুতনিতে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনই হাসপাতাল থেকে চলে গেছেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!