জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হালিমা বেগম (৬৫) মরহুম সোহরাব আকন্দের স্ত্রী।
পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছিল। তাদের দাবি ছিল, তাদের মা এখনো জীবিত। সেই বিশ্বাস থেকেই রাতে কবর থেকে মরদেহ উত্তোলন করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে হালিমা বেগমের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্য অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে তারা দাবি করেন, হালিমা বেগম এখনো জীবিত রয়েছেন। এরপর শনিবার রাতে পরিবারের সদস্যরা কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করেন।
প্রথমে মরদেহটি মেলান্দহের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে জামালপুর শহরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। পরে মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!